পিলকানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বিডিআর কল্যাণ পরিষদ। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা।
এসময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডে বিদ্রোহের নামে প্রহসনের বিচারের নামে ১৮ হাজার ৫শ ১৯ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে মৃত্যু প্রহর গুনছে। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়। বিডিআর সদস্য আখের আলী বলেন, আমাদের অনেকে নিরপরাধ থেকেও চাকরিচ্যুত হতে হয়েছে। এখনো প্রায় ৮ শতাধিক বিডিআর কারাগারে আছেন। তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হোক।
হোসেন আরা হ্যাপি জানান, আমার বাবা পিলখানা হত্যাকাণ্ডে জড়িত না থেকেও দীর্ঘ ৩ বছর কারাগার ভোগ করেন। পরে তিনি মৃত্যুবরণ করেন। আমি বাবার কাছ থেকে দেখেছি এ ঘটনায় বাবাকে কত কষ্ট ও সামাজিকভাবে হেয় করা হয়েছিল। আমি চাই, আমার বাবার মতো আর কোনো বিডিআর সদস্য বিনা অপরাধে সাজা ভোগ করতে না হয়। তাদের সকলের চাকরি ফিরে দেওয়া হোক।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর সদস্য মো. আখের আলী, মো. নুরুজ্জামান হক, মোস্তফা কামাল, আজাদ আলী, ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যগণ।
প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়

0 Comments