শাড়ি বাঙালির হাজার বছরের ঐতিহ্যের প্রতীক। গ্রামীণ বাংলার মেয়েদের জীবনে শাড়ি একসময় ছিল নিত্যদিনের সঙ্গী। কিন্তু আধুনিকতার ছোঁয়া আর পোশাকে বৈচিত্র্যের কারণে কুড়িগ্রামসহ দেশের গ্রামীণ অঞ্চলে ঐতিহ্যবাহী শাড়ির ব্যবহার ক্রমেই কমে আসছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান প্রজন্মের মেয়েরা ঝুঁকছে সালোয়ার-কামিজ, বোরকা কিংবা অন্যান্য সহজলভ্য পোশাকের দিকে।
আগে প্রতিদিনের জীবনে শাড়ি ছিল মেয়েদের প্রধান পোশাক। হাঁটাহাঁটি, গৃহস্থালি কাজ কিংবা উৎসব—সবখানে শাড়িরই আধিপত্য ছিল। কিন্তু এখন শাড়ি পরা যেন বিশেষ অনুষ্ঠান আর বিয়েবাড়ির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। দৈনন্দিন জীবনে শাড়ি পরাকে অনেকে ঝামেলাপূর্ণ মনে করছেন। বিশেষ করে কাজকর্মের সুবিধার্থে অনেক মেয়ে সালোয়ার-কামিজকেই প্রাধান্য দিচ্ছেন।
তবে এর মধ্যেও কিছু শাড়ি-প্রেমী মেয়ে আছেন, যারা ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছেন। তেমনই একজন হলেন নাগেশ্বরীর তাসিন অর্পিতা। আধুনিকতার এই যুগেও তিনি শাড়ির প্রতি তার ভালোবাসা হারাননি। প্রতিনিয়ত শাড়ি পরার মাধ্যমে তিনি বাঙালির ঐতিহ্যকে জীবন্ত রাখছেন। অর্পিতা বলেন, “শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। শাড়ি পরলে আমি আমার শেকড়ের কাছে ফিরে যাই।"
অর্পিতার মতো কিছু মেয়ে এখনো শাড়িকে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বেছে নিয়েছেন। তারা মনে করেন, ফ্যাশন যতই বদলাক, ঐতিহ্যকে কখনোই ফেলে দেওয়া উচিত নয়।
বিশেষজ্ঞদের মতে, শাড়ি বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্যের অন্যতম প্রতীক। এর ব্যবহার কমে যাওয়া মানে একটি বড় অংশে আমাদের শেকড়কে ভুলে যাওয়া। তাই স্থানীয় পর্যায়ে উৎসব, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে শাড়ির প্রচলন বাড়ানো প্রয়োজন। পাশাপাশি নতুন প্রজন্মের মেয়েদের শাড়ির ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে হবে।
গ্রামীণ সমাজে শাড়ির ব্যবহার হ্রাস শুধু একটি সাময়িক পরিবর্তন নয়, বরং এটি আমাদের ঐতিহ্য হারানোর শঙ্কার ইঙ্গিত দেয়। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে আমরা আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে পারি। শেকড় ভুলে এগিয়ে যাওয়া নয়, বরং ঐতিহ্যের ওপর ভিত্তি করেই গড়ে উঠুক আগামী দিনের কুড়িগ্রাম।
প্রতিবেদনঃ মাইদুল ইসলাম মামুন, হামার কুড়িগ্রাম

0 Comments