কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ এবং যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওই ইউনিয়নের অনন্তপুর গ্রামের আবু ছালেকের ছেলে আরিফুর রহমান (২৫) এবং উপজেলার খড়িবাড়ী বাজার শাখা যুবলীগের সভাপতি খড়িবাড়ী শেখ পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে বেলাল হোসেন শেখ (৪৫)।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শনিবার তারা এলাকায় ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নম্বর মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়, ফুলবাড়ি
#হামারকুড়িগ্রাম #HamarKurigram

0 Comments