কুড়িগ্রাম, ২৩ মার্চ ২০২৫: নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাসসহ ৫ দফা দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উত্থাপিত ৫ দফা দাবি:
১. প্রকল্প স্থায়ীকরণ করতে হবে এবং কোনোভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে নেওয়া যাবে না।
২. নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) মাহে রমজানের মধ্যেই পাস করতে হবে।
৩. বেতন বৃদ্ধি করতে হবে এবং ঈদুল ফিতরের পূর্বে সকল বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।
৪. শিক্ষক/শিক্ষিকাদের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে।
৫. শিক্ষক/শিক্ষিকারা অসুস্থ হলে, অবসর গ্রহণ করলে বা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অনুদান প্রদান করতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, "আমাদের এই প্রকল্প শিক্ষার্থীদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি বন্ধ হলে হাজার হাজার শিক্ষক বেকার হয়ে পড়বে এবং শিক্ষার্থীরা নৈতিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। তাই প্রকল্পটি স্থায়ীভাবে চালু করতে হবে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে শিক্ষকদের অধিকার ক্ষুণ্ন করা যাবে না।"
তারা আরও বলেন, "শিক্ষকদের যথাযথ সম্মানী, বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা না হলে তারা চরম অর্থনৈতিক সংকটে পড়বেন। পাশাপাশি, অসুস্থ বা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য একটি কল্যাণ তহবিল গঠন করা জরুরি, যাতে তারা দুঃসময়ে সহায়তা পান।"
এই মানববন্ধনে শতাধিক শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত সকলে একযোগে সরকারের প্রতি আহ্বান জানান, যেন মাহে রমজানের মধ্যেই এই প্রকল্প পাস করে শিক্ষকদের দাবি মেনে নেওয়া হয়।
উল্লেখ্য, যদি উক্ত দাবিগুলো বাস্তবায়িত না হয়, তবে শিক্ষকরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন, হামার কুড়িগ্রাম
0 Comments