কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথী বাজার এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। লক্ষ্মীপুর জেলার বাসিন্দা, সুপরিচিত সুপারি ব্যবসায়ী রতন দত্ত আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই অপ্রত্যাশিত মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রতন দত্তের বাড়ি লক্ষ্মীপুর জেলার বাঞ্ছানগড় থানা রোড এলাকায়। পিতা ছিলেন মৃত চাইলস দত্ত ও মাতা মৃত বকুল দত্ত। তিনি গত প্রায় দুই সপ্তাহ ধরে নাগেশ্বরীর বিভিন্ন হাট-বাজার থেকে সুপারি সংগ্রহ করছিলেন এবং সেগুলো নিজ এলাকায় পাঠাচ্ছিলেন। ব্যবসার কাজে তার সহযোগী হিসেবে ছিলেন গিয়াস উদ্দিন নামের আরেকজন, যিনি দু’দিন আগে ফিরে যান।
আলেপের তেপথী বাজারের আড়ৎদার মোঃ আমিনুর ইসলাম (৫৬) জানান, রতন দত্ত তার আড়ৎ থেকেই সুপারি সংগ্রহ করতেন। তার পরিকল্পনা ছিল ২৫ এপ্রিলের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার। কিন্তু তার আগেই ঘটে যায় এই দুঃখজনক পরিণতি।
জানা যায়, গতকাল রাত থেকেই রতন দত্ত কিছুটা অসুস্থ বোধ করছিলেন এবং স্থানীয় এক চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে টিউবওয়েল চাপতে চাপতেই তিনি হঠাৎ মাটিতে পড়ে যান। সকালে স্থানীয়রা টিউবওয়েলের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে বিষয়টি আড়ৎদার ও পুলিশকে জানান।
নাগেশ্বরী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তদন্ত শেষে মৃতদেহ দ্রুতই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন
0 Comments