Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে গ্রীন ভয়েসের পরিবেশ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত, ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিবেশ সুরক্ষায় ৮ দফা দাবি উপস্থাপন

 কুড়িগ্রামে গ্রীন ভয়েসের পরিবেশ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত, ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিবেশ সুরক্ষায় ৮ দফা দাবি উপস্থাপন



নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম | ২১ এপ্রিল ২০২৫, সোমবার:


বাংলাদেশের একমাত্র পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য পরিবেশ সমাবেশ ও সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।


আলোচনা সভা সঞ্চালনা করেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নূরনবী সরকার। 


পরিবেশ সচেতনতামূলক বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ও কলেজ শাখার উপদেষ্টা মির্জা নাসির উদ্দীন, কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক শফি খান, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উপদেষ্টা সাইদুর রহমান দুলু, সাবেক কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান এবং রংপুর বিভাগের গ্রীন ভয়েস সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল।



বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ এক চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এই বাস্তবতায় পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং কার্যকর নীতিমালার বাস্তবায়ন অত্যন্ত জরুরি। যুবসমাজকে এ আন্দোলনের অগ্রভাগে আসতে হবে।


আলোচনা সভায় পরিবেশ সুরক্ষার লক্ষ্যে রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল আট দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল: পুরাতন ও জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের ব্যবহার বন্ধ এবং কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করা; সব অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং নদীপাড়ের ইটভাটা বন্ধ করে কাঠ বা গাছ জ্বালানি হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা প্রদান; মাটির পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার উৎসাহিত ও সরকারি প্রকল্পে তা বাধ্যতামূলক করা; বুড়ি তিস্তা নদী দখলমুক্ত করে পানিপ্রবাহ নিশ্চিত করা; লাইসেন্স দেওয়ার আগে চালকদের শব্দ সচেতনতা যাচাই ও শব্দমাপক যন্ত্রের মাধ্যমে ছাড়পত্র দেওয়া; হাইড্রোলিক হর্ন আমদানি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে কঠোর জরিমানার ব্যবস্থা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ বাস্তবায়ন; হাসপাতালের বর্জ্য আলাদা করে নিয়মিত তদারকির মাধ্যমে সঠিক নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ এবং মাছের প্রজনন রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করে অভয়াশ্রম নিশ্চিত করা।


সমাবেশে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত গ্রীন ভয়েস সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, এ আয়োজন কেবল একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বার্তা—পরিবেশ রক্ষা এখনই শুরু করতে হবে।


গ্রীন ভয়েস বিশ্বাস করে, দেশের যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ও সংগঠিত প্রচেষ্টায়ই পরিবেশ সুরক্ষার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন সম্ভব। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের আরও কার্যক্রমের মাধ্যমে পরিবেশ আন্দোলন আরও বেগবান হবে।

Post a Comment

0 Comments