ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তাওহিদী জনতা, ভয়েস ফর প্যালেস্টাইন, গ্রিন ভয়েসসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর নাগেশ্বরী উপজেলার ডিএম একাডেমি প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন এবং পরে একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করেন।
শিক্ষার্থী শাহজাহান আলী সুমন বলেন, “যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও ইসরায়েল আবার হামলা চালিয়েছে—এটা স্পষ্টত আন্তর্জাতিক আইন লঙ্ঘন। বিশ্ববাসীর উচিত গাজাবাসীদের পাশে দাঁড়ানো।”
ভয়েস ফর প্যালেস্টাইনের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে আমরা মুখ খুললেও, কিছু মুসলিম রাষ্ট্র নিজেদের স্বার্থে শান্তিচুক্তির আড়ালে ইসরায়েলের পাশেই দাঁড়িয়েছে। দখলদার শক্তিকে রুখতে হলে তাদের সহযোগী ভণ্ড শক্তিগুলোকেও প্রতিহত করতে হবে।”
গ্রিন ভয়েস, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাইদুল ইসলাম মামুন বলেন, “বছরের পর বছর ধরে ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ মানুষ অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে—বোমা হামলা, চিকিৎসা ও খাদ্য সংকট যেন তাদের নিত্যদিনের বাস্তবতা হয়ে উঠেছে। জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও, কার্যকর কোনো উদ্যোগ আমরা এখনো দেখতে পাইনি।
আমরা গ্রীন ভয়েস সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে, নির্যাতিতের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা ফিলিস্তিনের জনগণকে জানাতে চাই—তোমরা একা নও, আমরা আছি বিবেক, মানবতা ও প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন: হেফাজতে ইসলাম কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মাওলানা আমিনুল ইসলাম, জাতীয় ওলামা মশায়েখ আইমনা পরিষদ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন নাগেশ্বরী থানা শাখার সভাপতি কে.এম.এম. আবুল হাসান, মুফতী আব্দুল্লাহ বিক্রমপুরী প্রমুখ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান, যেন দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
0 Comments