কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে অবৈধ পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়েছে বিএসএফ। বুধবার (২৮ মে) রাত আনুমানিক ১০টায় দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তের-১০৬৪ মেইন পিলার এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাতে রৌমারী সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বাংলা ভয়েস কে বলেন, বুধবার রাতে চান্দারচর সীমান্তের ১০৬৪ মেইন পিলারের কাছে ভারতের আসাম রাজ্যের সাহাপাড়া বিওপি ক্যাম্পের পাশে কয়েকটি গাড়ি ও লোকজন দেখতে পেয়ে এলাকাবাসী একত্রিত হন।
খবর পেয়ে বিজিবির সতর্কতায় পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। এসময় ভারতের ভূখণ্ডে বিস্ফোরণ হয়। চান্দারচর সীমান্তের বাসিন্দা সাহিন আলম জানান, সীমান্তে হঠাৎ বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি ওপারে সাদা-কালো ধোঁয়া উড়ছে। স্থানীয় সকলেই একত্রিত হয়ে দেখতে পেলাম বিএসএফ কিছু লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে। এ বিষয়ে রৌমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানার সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক জানান, বিস্ফোরণের ঘটনা আমার জানা নেই। তবে পুশইন ঠেকাতে সীমান্তে টহলরত আমাদের বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সজাগ রয়েছে।
প্রতিবেদকঃ মোবাশ্বের নেছারী
0 Comments