Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামের নারী ও শিশু অধিকারে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি: গ্রীন ভয়েসের “প্রয়াস” পাঠচক্রে উঠে এলো বাস্তব চিত্র





গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে নাগেশ্বরী সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক পাঠচক্র “প্রয়াস”-এর নিয়মিত আয়োজন। দুপুর ১২টায় শুরু হওয়া এ আয়োজনে অংশ নেন সংগঠনের বিভিন্ন স্তরের সক্রিয় সদস্যরা। পাঠচক্রটির সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী সুমন।

সাপ্তাহিক এ আয়োজনের আলোচ্য বিষয় ছিল “কুড়িগ্রামের নারী ও শিশু অধিকার: বাস্তবতা ও পরিবর্তনের আহ্বান”। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মোঃ মাইদুল ইসলাম মামুন। তিনি বলেন, “আমাদের কুড়িগ্রাম জেলার অনেক নারী ও শিশু এখনো অধিকারবঞ্চিত। বিশেষ করে চরাঞ্চলের নারীরা প্রতিদিন বৈষম্য ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। মূল সমস্যা হলো সঠিক গাইডলাইন ও সচেতনতার অভাব।”

তিনি আরও বলেন, যেমন করে আমরা প্রয়োজন হলে নারী চিকিৎসকের খোঁজ করি, তেমনভাবে আমাদেরও চিন্তা করা উচিত ঘরে ঘরে মেয়েরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, তবে তারাই একদিন হবে ডাক্তার, শিক্ষক বা সমাজের চালিকাশক্তি। পরিবার, সমাজ এবং সংগঠন তিন পর্যায় থেকেই এই মানসিকতা গড়ে তুলতে হবে।

আলোচনায় অংশ নিয়ে সংগঠনের সদস্য ফাতেমা জান্নাত পুতুল বলেন, আমরা সম্প্রতি চরাঞ্চলে গিয়ে স্থানীয়দের সঙ্গে বাল্যবিবাহ নিয়ে কথা বলেছি। অনেকে বলেন, মেয়েরা যদি অল্প বয়সে ভুল পথে যায়, তাহলে দোষভার পরিবারকে নিতে হয়, তাই আগেভাগে বিয়ে দেন। আমরা তাদের বোঝাই যথাযথ দিকনির্দেশনা, ভালো পরামর্শ ও সহানুভূতির মাধ্যমে মেয়েদের জীবনের প্রতি বিশ্বাস গড়ে তোলা সম্ভব। শিক্ষা ও সচেতনতা হলেই এ অবস্থা বদলানো সম্ভব।

এছাড়া পাঠচক্রে শিশুশ্রম বিষয়ক আলোচনাও গুরুত্বপূর্ণ স্থান পায়। সদস্যরা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনও শিশুশ্রম বিদ্যমান, যা দমন করতে হলে প্রয়োজন সম্মিলিত সামাজিক প্রতিরোধ।

আসরের শেষ অংশে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, তারা শিগগিরই একটি সুপরিকল্পিত কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চরাঞ্চলে গিয়ে নারী ও শিশুদের অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, বাল্যবিবাহ ও শিশুশ্রম নিয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করবে।

Post a Comment

0 Comments