চিলমারীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক প্রধান আসামী মোঃ মানিক মিয়াকে (২৫) ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। ৩০ মে রাতে আশুলিয়ার কবরস্থান রোডসংলগ্ন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার মানিক মিয়া চিলমারী উপজেলার জুম্মাপাড়া এলাকার ইদ্রিস আলীর পুত্র। ভিকটিমের পরিবারের অভিযোগ, মানিক দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাবসহ নানা উপায়ে উত্ত্যক্ত করে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৯ মে সন্ধ্যায় মেয়েটির বাড়ির শয়ন ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন ২০ মে ভিকটিমের নানী বাদী হয়ে চিলমারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় মামলা করেন। মামলা নম্বর: ০৩/২০২৫।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, “মামলার পর থেকেই আমাদের টিম আসামীকে ধরতে চেষ্টা চালিয়ে যায়। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, র্যাব-৪ ও চিলমারী থানার সমন্বয়ে একটি অভিযানে তাকে গ্রেফতার করা হয়।” অভিযান পরিচালনা করেন চিলমারী থানার এসআই কমল কুমার। রাতেই তাকে রাজধানী থেকে রংপুর হয়ে চিলমারীতে আনা হয় এবং রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চিলমারী থানা সূত্রে জানা গেছে, মামলার তদন্ত দ্রুত গতিতে চলছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সবধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিবেদকঃ মোবাশ্বের নেছারী
0 Comments