কুড়িগ্রাম | ১১ জুন, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম শহর শাখার আয়োজনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুড়িগ্রাম উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, "যেনতেন নির্বাচন নয়, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করতে পারে।" তিনি দাবি করেন, "প্রয়োজনীয় সংস্কার ছাড়াই ফ্যাসিবাদের রেখে যাওয়া প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আইনজীবী অ্যাডভোকেট মো: ইয়াসিন আলী সরকার। তিনি বলেন, "জামায়াত ক্ষমতায় এলে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, নারী-পুরুষ সবাই সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে। কাউকে বঞ্চিত করা হবে না।"
তিনি আরও বলেন, "একটি নৈতিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম শহর শাখার আমীর আব্দুস সবুর খান। সঞ্চালনায় ছিলেন শহর সেক্রেটারি মাওলানা মো: মতিউর রহমান।
আলোচনা শেষে কুড়িগ্রাম কালচারাল একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী শেষ হয়।

0 Comments