Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে সাংবাদিককে মারধরের হুমকি: বৈষম্যবিরোধী ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ

 


নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সদস্য সচিব লোকমান হোসেন লিমনের বিরুদ্ধে প্রকাশ্যে একজন সাংবাদিক আমিনুর রহমান কে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী সাংবাদিক আমিনুর রহমান জানিয়েছেন, ফেসবুকে একটি পোস্ট ঘিরে এই হুমকির ঘটনা ঘটে এবং তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


ঘটনার সূত্রপাত লোকমান হোসেন লিমনের দেওয়া একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে একটি বক্তব্য দেন। পরে সাংবাদিক আমিনুর রহমান ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার ব্যক্তিগত টাইমলাইনে একটি ব্যাখ্যামূলক স্ট্যাটাস দেন। অভিযোগ অনুযায়ী, সেই পোস্টের মন্তব্যের ঘরেই লিমন তাকে সরাসরি শারীরিক হুমকি দেন।


এই বিষয়ে ‘হামার কুড়িগ্রাম’কে দেওয়া এক প্রতিক্রিয়ায় আমিনুর রহমান বলেন,


> “আমি একজন শ্রমিক নেতা হিসেবে শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন সময় সরকারি প্রোগ্রামে উপস্থিত থেকেছি, বক্তৃতাও দিয়েছি। তাই বলে আমাকে রাজনৈতিকভাবে চিহ্নিত করে হুমকি দেওয়া অনাকাঙ্ক্ষিত ও অমানবিক। কেউ যদি প্রমাণ করতে পারে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, আমি স্বেচ্ছায় আইনের কাছে আত্মসমর্পণ করবো।”


অন্যদিকে, হুমকির অভিযোগের বিষয়ে জানতে চাইলে লোকমান হোসেন লিমন বলেন,


> “আমি আমিনুর রহমানকে ব্যক্তিগতভাবে চিনি না। তবে ফেসবুকে তার বিভিন্ন কার্যক্রম দেখে তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে মনে হয়েছে। ডিসি অফিসে তার প্রবেশ ও প্রভাব বিস্তার নিয়ে আমি প্রশ্ন তুলি এবং ফেসবুকে একটি পোস্ট করি। ওই পোস্টের সূত্র ধরে আমিনুর আমাকে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলে। আমি তখনই কমেন্টে বলি—যদি প্রমাণ দিতে না পারে, তাহলে ন্যাংটা করে পিটাবো। আমার ঘোষণা স্পষ্ট—৫ আগস্টের মধ্যে আমরা জানিয়ে দিয়েছি, কুড়িগ্রামে ফ্যাসিবাদের দোসর বা পা-চাটা কোনোভাবে স্থান পাবে না।”


এই ঘটনায় কুড়িগ্রামের বিভিন্ন সচেতন মহল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, একজন সাংবাদিকে প্রকাশ্যে এমন হুমকি মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।


তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments