নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ১৫ জুলাই ২০২৫:
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামীকাল বুধবার (১৬ জুলাই ২০২৫) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ দিন বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া শহীদদের মাগফেরাত কামনায় আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনায় শহীদদের স্মরণে অন্তর্বর্তী সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

0 Comments