কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে স্বল্প আয়ের মানুষের জন্য ঈদুল ফিতর উপলক্ষে মাত্র ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন।
বাজারের তুলনায় কম দামে মাংস কিনতে পেরে স্থানীয় বাসিন্দারা দারুণ উচ্ছ্বসিত। সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাত হোসেন জানিয়েছেন, মূল লক্ষ্য হলো দরিদ্র মানুষ যেন ঈদের দিনে গরুর মাংস খাওয়ার সুযোগ পায়। সংগঠনের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম বলেন, "প্রতিবছর বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম হাতে নিলেও এবার আমরা বিশেষভাবে নিম্ন আয়ের মানুষের জন্য ঈদের আনন্দ বাড়ানোর চেষ্টা করেছি।"
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জিসান খান, অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং উপদেষ্টা আতাউর রহমানসহ অন্যান্য সদস্যরা এ উদ্যোগে সরাসরি অংশ নেন।
আগামী তিন দিন এই কর্মসূচি চলবে, যাতে আরও বেশি মানুষ উপকৃত হতে পারেন। স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন, "বর্তমানে বাজারে মাংসের দাম অনেক বেশি, আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না। এই উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।"
স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করছে, যার মধ্যে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা অন্যতম। তাদের এমন মানবিক উদ্যোগ এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
0 Comments