রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার সকালে জেলা শহরের কুড়িগ্রাম সরকারি কলেজ, মজিদা আদর্শ ডিগ্রি কলেজ এবং চিলমারী উপজেলার চিলমারী সরকারি ডিগ্রি কলেজের সামনে পৃথক পৃথক মানববন্ধন করেন ছাত্রদল নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী এসব মানববন্ধন কর্মসূচিতে পারভেজ হত্যায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
কেন্দ্র ঘোষিত এ মানববন্ধন কর্মসূচিতে ব্যবহৃত ব্যানারে হত্যাকাণ্ডের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজকে ছাত্রদলের সক্রিয় কর্মী দাবি করে উল্লেখ করা হয়, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী, জুলাই আগস্ট আন্দোলনের অকুতোভয় সংগ্রামী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী শাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে। ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন।’
কুড়িগ্রাম সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ইমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহসভাপতি হাবিবুর রহমান রুবেল, যুগ্ম সম্পাদক শাওন,সোহেল ও বিপুলসহ কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।
চিলমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের সদস্য সচিব শামীম মিয়া, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, ছাত্রনেতা আরিফ সরকার প্রমুখ। পারভেজ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে কলেজ ছাত্রদল নেতাকর্মীরা ছাড়াও কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিকালে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে ‘উত্ত্যক্ত’ করার অভিযোগ তুলে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। এক পর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যসূত্রঃ দ্য নিউজ
0 Comments