আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে প্রবল দমকা হাওয়ার সঙ্গে ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপড়ে পড়ে অসংখ্য গাছপালা, ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত হয় একরের পর একর আবাদি জমির ফসল।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ ঝড়ের দাপটে কুড়িগ্রামের বেশ কয়েকটি উপজেলার বাড়িঘর, গাছপালা ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এখনো অনেক এলাকা অন্ধকারে রয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত মেরামতকাজ শুরু করা হয়েছে।
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে। পাকা ধানের জমি ঝড়ে মাটিতে লুটিয়ে পড়েছে। দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। অনেকেরই সারা বছরের পরিশ্রমের ফসল এক রাতের ঝড়ে ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
কালবৈশাখীর প্রভাব থেকে বাদ যায়নি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালও। হাসপাতালের ছয়তলার জানালার গ্লাস ভেঙে পড়ে রোগীদের ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতের কোনো খবর পাওয়া না গেলেও রোগী ও স্বজনদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য স্থান পরিবর্তন করেন।
এদিকে, জেলার গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে গাছপালা পড়ে থাকায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।
প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন
0 Comments