Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

মাদক নির্মূল ও মিথ্যা মামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জনস্রোত: মানববন্ধন ও বিক্ষোভ

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদকবিরোধী আন্দোলন আরও জোরদার হয়েছে। মাদক নির্মূল এবং সাঞ্জুয়ারভিটা এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে মঙ্গলবার (২০মে) সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলা গেটসংলগ্ন ভুরুঙ্গামারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সর্বস্তরের জনগণ।



এই কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষার্থী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।



মানববন্ধনে বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য ভয়ংকর হুমকি। এটি যুবসমাজকে ধ্বংস করছে এবং ভবিষ্যৎ প্রজন্মকেও বিপদে ফেলছে। বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হলেই এখন মাদকচক্রের লোকজন মিথ্যা মামলার মাধ্যমে সচেতন মানুষদের ভয় দেখিয়ে আন্দোলন দমন করতে চায়। এসব ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।



বক্তারা আরও বলেন,যদি সত্য বললেই মিথ্যা মামলার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষ নির্ভয়ে কথা বলবে কীভাবে? আমরা চাই একটি মাদকমুক্ত, নিরাপদ, ও ন্যায়ের সমাজ। প্রশাসনের উচিত এসব অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।



এতে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মান্নান, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হাজী সোহেল, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক সানাউল কবীর স্বাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মিমি, মুখ্য সংগঠক মোবাশ্বের হোসেনসহ আরও অনেকে।



মানববন্ধন শেষে একটি সুসংগঠিত বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন। এতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন এবং মিথ্যা মামলাগুলোর দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।



স্থানীয়দের মতে, নাগেশ্বরীর সমাজে মাদকের প্রভাব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। শুধু প্রশাসনের নয়, জনগণের সম্মিলিত প্রয়াসেই এই বিপদ থেকে মুক্তি সম্ভব। আজকের কর্মসূচি প্রমাণ করে মানুষ এখন সচেতন, তারা ন্যায়ের পক্ষে ভয়হীন কণ্ঠে সোচ্চার।


প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন

Post a Comment

0 Comments