কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার গরু-ছাগলের হাটে সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে উপজেলা বিএনপির সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক আলহাজ ফরিদুল হক শাহীন শিকদার নামের এক হাট ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় জনগণের পক্ষ থেকে করা অভিযোগ ও সেনাবাহিনী টহল দলের পর্যবেক্ষণের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়। কুড়িগ্রাম আর্মি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩১মে) দুপুরে কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ভুরুঙ্গামারীর গরু-ছাগলের হাট পরিদর্শনে যায়। সেখানে উপস্থিত স্থানীয় জনগণ অভিযোগ করেন যে, হাটের ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন। পরে টহল দলের কমান্ডার পর্যবেক্ষণ করে এবং হাসিলের রশিদ যাচাই করে দেখতে পান, যে সরকার নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থ আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে অবৈধ, বেআইনি এবং জনস্বার্থ পরিপন্থি।
ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সেনাবাহিনীর টহল দল আলহাজ্ব ফরিদুল হক শাহিন শিকদার নামক ব্যক্তিকে হাটের ইজারাদার হিসেবে চিহ্নিত করে আটক করে। পরবর্তীতে তাকে ভুরুঙ্গামারী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী টহল দলের কমান্ডার জনগণের উদ্দেশ্যে বলেন, “সরকার নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আদালতে প্রেরণসহ পরবর্তী আইনগত কার্যক্রম ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্বারা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাট-বাজারে এই ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। জনসাধারণের অধিকার নিশ্চিত করতে এবং হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
প্রতিবেদকঃ মোঃ মনিরুজ্জামান, দ্যা নিউজ
0 Comments