কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ শিউলী বেগম (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই ২০২৫) ভোর ৬টা ১৫ মিনিটে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাগেশ্বরী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় থানার একটি চৌকস টিম। অভিযানে শিউলীর বাড়ি থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি'র ওসি মোঃ বজলার রহমান জানান, গ্রেফতারকৃত শিউলী বেগম দীর্ঘদিন ধরে নাগেশ্বরী এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, “জেলায় মাদক নির্মূলে পুলিশি অভিযান নিয়মিতভাবে চলবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।”
এ ঘটনায় শিউলী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
0 Comments