কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সিএনবি (Child Not Bride) প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ, জন্ম নিবন্ধন নিশ্চিতকরণ এবং বৈধ বিবাহ রেজিস্ট্রেশন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর যুব সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যমুনা বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান এবং সহকারী শিক্ষিকা সাবিনা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনের সঞ্চালনা করেন দুর্গাপুর যুব সংগঠনের সভাপতি আজাদুল ইসলাম।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ, যা কিশোর-কিশোরীদের ভবিষ্যৎকে ধ্বংস করে। বক্তারা বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭-এর মূল বিধানসমূহ, জন্ম নিবন্ধনের অপরিহার্যতা এবং বৈধ বিবাহ নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক নথিভুক্তির মাধ্যমেই বাল্যবিয়ে প্রতিরোধ সম্ভব।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষার্থীরা নাটক, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাল্যবিয়ের কুফল ফুটিয়ে তোলে, যা দর্শক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে দুর্গাপুর যুব সংগঠনের সভাপতি আজাদুল ইসলাম বলেন,আমরা দুর্গাপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার লক্ষ্যে কাজ করছি। সিএনবি প্রকল্পের সহায়তায় আমাদের প্রচেষ্টা আরও গতিশীল হয়েছে।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয় বলে জানান আয়োজকরা।
প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন
0 Comments