ঈদের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশে উদ্যোগ নিয়েছে অসচ্ছল ও চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর। এ লক্ষ্যে কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারী উপজেলায় ৭৮টি গরু কোরবানি করা হয়।
শনিবার (৭ জুন) এসব গরুর কোরবানির মাংস বিতরণ করা হয় প্রায় সাড়ে ৬ হাজার পরিবারের মধ্যে। ঈদের দিনও যখন অধিকাংশ চরাঞ্চলে কোরবানির আয়োজন নেই, তখন জাকাত ফাউন্ডেশনের এমন উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অসহায় মানুষজন।
জানা যায়, কুড়িগ্রামে চার শতাধিক চর রয়েছে, যেখানে প্রায় ৭ লাখ মানুষ বসবাস করে। নদীভাঙন ও আগাম বন্যার কারণে এসব এলাকার মানুষ ইতোমধ্যেই দিশাহারা। ঈদের মতো আনন্দঘন মুহূর্তেও তাদের জীবনে নেই কোনো উৎসবের ছোঁয়া।
এই কোরবানি কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সমাজসেবক এবং জাকাত ফাউন্ডেশনের কর্মকর্তারা।
পুরো কার্যক্রমটি সুসংগঠিতভাবে ও বিধি অনুসরণ করেই সম্পন্ন হয়।
মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন চরাঞ্চলের বাসিন্দারা। তারা জানান, এই কঠিন সময়ে জাকাত ফাউন্ডেশনের এমন মানবিক সহায়তা ঈদের আনন্দের এক নতুন স্বাদ এনে দিয়েছে তাদের জীবনে।
0 Comments