ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন অব হাতিয়া (ই এ এইচ) - এর উদ্যোগে এক অনন্য ঈদ পুনর্মিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি গত শনিবার (৮ জুন) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের দল বাজারে অবস্থিত আল ফালাহ রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ই এ এইচ এর উপদেষ্টা ও সহকারী প্রকৌশলী জনাব রুহুল আমিন রুবেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই এ এইচ এর উপদেষ্টা ও সাদ গ্রুপের ব্যবস্থাপক, জনাব ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন— “পেশাগত জীবনের বাইরে এমন মিলনমেলা ভ্রাতৃত্ব, মূল্যবোধ এবং সহযোগিতার দৃষ্টান্ত তৈরি করে। একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে ওঠে। এ ধরনের উদ্যোগ হাতিয়ার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ই এ এইচ-কে এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নান্নু গ্রুপের ব্যবস্থাপক, জনাব আবু বক্কর সিদ্দিক, সার্চ গ্রুপের ফ্যাক্টরি ইনচার্জ, জনাব মনজুরুল ইসলাম, ইজিসিবি এর সহকারী প্রকৌশলী, জনাব আতিকুর রহমান, কোডেক্সকিউব এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), জনাব আব্দুল কাহার নাঈম।
অনুষ্ঠানের ইসলামিক আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন বালাচর নাসিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। তিনি ঈমান, সমাজ সংস্কার এবং ঈদের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, যা দর্শকদের মধ্যে গভীর অনুভূতি সৃষ্টি করে।
এছাড়া, পুরো অনুষ্ঠানজুড়ে ইসলামী সংগীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন কলরব। তাদের পরিবেশনা দর্শক-শ্রোতাদের বিমুগ্ধ করে রাখে। মনোমুগ্ধকর পরিবেশনায় উঠে আসে ঈমানি চেতনা ও মানবিক বার্তা।
অনুষ্ঠানে ই এ এইচ সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীরা ও বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাপ্তিতে উপস্থিত সবার জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃতভাবে পরিচালিত হবে।
প্রতিবেদকঃ জুবাইর জিহাদী
0 Comments